ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | দুবাইয়ে লোহাগাড়ার প্রবাসীর রহস্যজনক মৃত্যু

দুবাইয়ে লোহাগাড়ার প্রবাসীর রহস্যজনক মৃত্যু

এলনিউজ২৪ডটকম: দুবাইয়ে আবুল কাশেম (৪০) নামে লোহাগাড়ার এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) রাতে সেখানে থাকা এক নিকটাত্মীয়ের মাধ্যমে পরিবার তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন। আবুল কাশেম উপজেলার সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জোনাবির পাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র ও ৩ সন্তানের জনক।

নিহতের ভাগিনা মোহাম্মদ মামুন জানান, তার মামা প্রায় ১০ বছর যাবত দুবাইয়ে বসবাস করে আসছেন। সেখানে পানির জাহাজ মেরামতের কারখানায় ওয়ারিং মেস্ত্রি হিসেবে কাজ করতেন। গত শুক্রবার (২ মে) সর্বশেষ তার মামার সাথে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে মুঠোফোনে কথা হয়। পরদিন থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তার মামার সাথে কর্মরত সোলাইমান মিস্ত্রিকে ফোন করলে কাশেমকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে জানায়।

পরবর্তীতে গত মঙ্গলবার রাতে দুবাই প্রবাসী এক নিকটাত্মীয়ের মাধ্যমে জানতে পারেন আজমানের সড়কের পাশ থেকে কাশেমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন দুবাই পুলিশ। তবে নিহতের পরিবার সন্দেহ করছেন কাশেমকে কে বা কারা মেরে রাস্তায় ফেলে দিয়েছে। পরে সোলাইমান মিস্ত্রি জানায়, কাশেমের মারা যাবার বিষয়টি পরিবারকে আস্তে আস্তে জানাবেন ভেবে প্রথমে এড়িয়ে গিয়েছিলেন। ঈদুল আযহার পরে কাশেম দেশে আসার কথা ছিল। বর্তমানে তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রয়েছে।

লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সদস্য জাফর আহমদ জানান, আবুল কাশেমের মৃত্যুর খবর তার পরিবারের মাধ্যমে শুনেছি। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হোক। কাশেমের মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!