
নিউজ ডেক্স : চট্টগ্রামে মানজুমা পারভিন মোনা (২৭) নামের এক মডেল তারকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় নিজবাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। রাইজিংবিডি
২০১৮ সালে চট্টগ্রামের একটি সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন মোনা। বেশকিছু দিন মিডিয়ায় কাজ করার পর তিনি নিষ্ক্রিয় হয়ে যান। এক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে বাবার বাড়িতে থাকতেন মোনা।

চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মোনার পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে মোনার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের কাছে তা হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ আত্মহত্যার ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করছে। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
মোনার আত্মহত্যার ঘটনায় তার বাবা অ্যাডভোকেট সালেহ আহম্মদ কোতোয়ালী থানা অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner