
নিউজ ডেক্স : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১ জুন) নগরের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিকস ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে এসেছিলেন ১৮ জন পরীক্ষার্থী। এ জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, ২০১৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। কিন্তু আইনি জটিলতায় তা এতদিন আটকে ছিল। দীর্ঘ আইনি জটিলতা শেষে শুক্রবার (১ জুন) দেশের অন্য ২০ জেলার সঙ্গে চট্টগ্রাম জেলায়ও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য চট্টগ্রাম জেলায় ৪৯ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে শুক্রবার (১ জুন) লিখিত পরীক্ষায় অংশ নেন মাত্র ১৭ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী। নগরের ৩৫টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Lohagaranews24 Your Trusted News Partner