
(ফাইল ছবি)
নিউজ ডেক্স : আগামীকাল ৬ মে রবিবার এসএসসি (মাধ্যমিক) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বেলা ১টায় সারাদেশে একযোগে ফল প্রকাশের পর চট্টগ্রাম বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানেরা ‘ইআইআইএন’ ব্যবহার করে এবং পরীক্ষার্থীরা রোল নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এসএসসি পরীক্ষা। শেষ হয়েছে ২৪ ফেব্রুয়ারি।
এদিকে, আগামীকাল ফল প্রকাশের দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিওকফারেন্সের মাধ্যমে বান্দরবান জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে : চট্টগ্রাম বোর্ডের অধীন বান্দরবান সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা বোর্ডের অধীন বান্দরবান ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বান্দরবান টেকনিকেল স্কুল ও কলেজ।
উল্লেখ্য, চলতি বছর চট্টগ্রাম বোর্ডের অধীন ১ হাজার ২৩টি বিদ্যালয়ের ১ লাখ ৩৫ হাজার ২২১জন এসএসসি পরীক্ষার্থী ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner