
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার জনগুরুত্বপূর্ণ আলুরঘাট রোডের এয়াকুব মাষ্টারের ব্রিজ থেকে পশ্চিম দিকে আলুরঘাট ব্রিজ পর্যন্ত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যার ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভূক্তভোগীরা চলাচল করছেন। স্থানীয়ভাবে জনপ্রতিনিধিরা উন্নয়নের জোয়ারের কথা ব্যাপকভাবে প্রচার করলেও আলুরঘাট রোডের এ অংশে উন্নয়ন হয়নি।
এলাকাবাসীরা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। কোন ফল হচ্ছে না বলে তাদের দাবী।

স্থানীয় যুবক মোঃ জকরিয়া জানান, তিনিও এ ব্যাপারে বিভিন্নস্থানে দেন-দরবার করে চলেছেন। আশা করা হচ্ছে বর্ষা মৌসুমের আগেই রাস্তাটি সংস্কার করা হবে। নতুবা এটি বর্ষার পানিতে বিলীন হয়ে যাবে।
উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানিয়েছেন, তিনিও বিষয়টি জেনেছেন। তবে তহবিলের অভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে না। জরুরী ভিত্তিতে সংস্কার ও মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, রাস্তাটি আরকান সড়কের লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন হতে শুরু হয়ে পশ্চিম দিকে বড়হাতিয়া সেনেরহাটের রামপুর ডিসি রোডের সাথে মিশেছে। প্রতিদিন বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়ার অসংখ্য জনসাধারণ রাস্তাটি অতিক্রম করে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন ও অন্যান্য স্থানে যাতায়াত করেন।
ভূক্তভোগীরা সরেজমিনে পরিদর্শন করে অতি সত্বর রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করছেন।
Lohagaranews24 Your Trusted News Partner