
নিউজ ডেক্স : রাউজানের কালবৈশাখী ঝড়ের সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সের ওপর গাছ পড়ে রোগীসহ দুজন আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন জানান, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিষপান করা এক রোগী নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পাহাড়তলী এলাকায় পৌঁছলে ঝড়ো হাওয়ার তোড়ে একটি বড় গাছ পথে অ্যাম্বুলেন্সটির ওপর পড়ে। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। চালক মোহাম্মদ আলী ও রোগী সোহেল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা চমেক হাসপাতালে পাঠান। আর দুর্ঘটনাকবলিত অ্যাম্বুল্যান্সটি জেলা পুলিশের সার্কেল অফিসের সামনে রাখা হয়েছে।

এ ঘটনার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত পরিদর্শনে আসেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি স্থানীয়দের সহায়তায় সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, এ ঘটনায় দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner